ফুটপাতে কাদের সিদ্দিকী: সংকট সমাধান না হলে সরছি না

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১৫
 
 
 
 
অবরোধ প্রত্যাহার ও সংকট সমাধানে আলোচনার দাবিতে সাত দিন ধরে মতিঝিলের ফুটপথে অবস্থান নিয়েছেন কৃষক শ্রমক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তার এই অবস্থান কর্মসূচিতে সহযাত্রী হয়েছেন দলের পাঁচ শতাধিক নেতা-কর্মী। এ ছাড়া, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ কাদের সিদ্দিকী অবস্থানস্থলে এসে সংহতি জ্ঞাপন করছেন। গনফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, নাগরিক ঐক্য, ন্যাপ, কল্যাণ পার্টিসহ অনেক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন। আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের অনেক কর্মী-সমর্থক সংহতি জানিয়েছেন।
মঙ্গলবার এসেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। বি. চৌধুরী বলেন, ‘একজন জাতীয় বীরের এ অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে এসেছি। এই অচল অবস্থা নিরসনের আমিও দেশবাসীকে নিয়ে অনশনে বসব। দেশের মানুষ এ সংকটের সমাধান চায়। লজ্জাজনক পরিস্থিতির আগে নেতা-নেত্রীরা একটা সমঝোতায় আসবে বলে প্রত্যাশা করি।’
কাদের সিদ্দিকী জানান—সংকটের সমাধান না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন। এখান থেকে পুলিশ সরিয়ে দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘আমার এই অবস্থান সাধারণ জনগণকে নিয়ে।’
জানা গেছে—কাদের সিদ্দিকী রাতেও সেখানে অবস্থান নেন। ভক্তরা তার এবং দলীয় নেতা-কর্মীর জন্য খাবার নিয়ে আসছেন। কিশোরগঞ্জের নান্দাইল থেকে একজন কৃষক মঙ্গলবার দুপুরে খাবার নিয়ে এসেছিলেন। ফুটপাতে বসেই সেই খাবার খান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় খাবার নিয়ে কখনো চিন্তা করতে হয়নি। এখনো সেই চিন্তা করি না। দেশের মানুষ পুড়ে মারা যাচ্ছে, এরপরও যদি প্রধান দুই দলের নেত্রীদের বোধোদয় হচ্ছে না। আমি আমার ক্ষুদ্র শক্তি দিয়ে প্রতিবাদ করছি। দেশের মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি।’