লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ওপারে ভারতীয় খালপাড়া সীমান্ত থেকে মঙ্গলবার ভোরে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন, উপজেলার পচাঁভান্ডার গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে মেরাজুল ইসলাম(২৫), একই গ্রামের ফজর আলীর ছেলে নবিউল ইসলাম(২৬), পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোটতলী গ্রামের জনাব আলীর ছেলে মমিনুর রহমান(২৮) ও ধবলসুতী গ্রামের আশরাফ আলীর ছেলে সাবু(২৭)।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, সীমান্তের ৮৬০ মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতের খালপাড়া গ্রামে ঢুকলে ভারতীয় বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা তাদের আটক করে। ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
লালমনিরহাট ১৫ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লে.কর্ণেল বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
