১৭ যানবাহনে পেট্রোল বোমা, আগুন ভাঙচুর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৫৩

২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্নস্থানে ১৭টি যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। লক্ষ্মীপুরে সোমবার পেট্রোল বোমা হামলায় দগ্ধ পিকআপ ভ্যান চালক কামাল হোসেন গতকাল ভোররাতে মারা গেছেন। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

লক্ষ্মীপুর : গত সোমবার রাত ৮ টার দিকে চৌমুহনী থেকে চাল বোঝাই করে পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। লক্ষ্মীপুর কারাগার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে চালক কামালসহ তিনজন দগ্ধ হন। কামাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় লক্ষীপুরের চিকিত্সকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। গতকাল ভোররাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। আহত জুয়েল ও মিলন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তারা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা বাসিন্দা। নিহত কামাল সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।
ছাতক (সুনামগঞ্জ) : গতকাল সকালে উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকেটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২১ রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।
বাগেরহাট: সোমবার গভীর রাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোদাচ্ছের মল্লিককে পুলিশ গ্রেফতার করেছে।
কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মূলগাঁওয়ে মঙ্গলবার ভোরে প্রাণ আরএফএল’র পণ্য ভর্তি একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।  
ঝিকরগাছা (যশোর) : যশোর-বেনাপোল সড়কের নতুনহাট লাউজান নামক স্থানে সোমবার রাতে দুর্বৃত্তরা ৬টি বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি-জামায়াত সমর্থকদের বাড়ি বাড়ি তল্লাশি করে। এসময় উপর্যুপরি বোমা ও  ককটেলের বিস্ফোরণ ঘটে।
পরশুরাম (ফেনী) : সোমবার রাতে ফেনী পৌর মেয়রের গাড়ির চালক সাইফুল ইসলাম দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে গুরুতর আহত হয়েছেন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ): সোমবার রাতে মুক্তাগাছা পুলিশ ফাঁড়ি লাগোয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভেতরে এবং পৌর টার্মিনালে একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরেছে। ফায়ার সার্ভিস স্টেশনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর সিঙ্গার শো-রুম এলাকায় সোমবার রাতে গরু বোঝাই চলন্ত ট্রাক লক্ষ্য করে তিনটি ককটেল ছুঁড়েছে অবরোধকারীরা। এতে তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এছাড়া গতকাল দুপুরে একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ করতোয়াপাড়া এলাকায় চালক ও তার সহকারীকে নামিয়ে দিয়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়ার কোদালিয়ায় পণ্যবাহী কাভার্ডভ্যানে কেরোসিন বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানের সামনে আগুন ধরে যায়। পরে চালক ও তার সহকারীরা তা নিভিয়ে ফেলে। 
নারায়ণগঞ্জ : শহরের দেওভোগে মঙ্গলবার রাতে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে তিনজন আহত হয়েছে। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ডিআইটি বাণিজ্যিক এলাকায় দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় সোমবার রাতে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। আগুনে ট্রাকে থাকা সকল মালামাল ও ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।
পাবনা : পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা ৫টি যানবাহন ভাঙচুর করেছে।
শ্রীপুর (গাজীপুর) : সোমবার শ্রীপুরে ট্রেনে ককটেল ও পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশ ও ডিবি উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গত রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।