বিয়ের কথা পাকা হল না ফারুকের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ০০:১০

৭২ ঘন্টার হরতাল চলাকালে পিকেটারদের ধাওয়ায় দ্রুত ট্রাক চালিয়ে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ট্রাক চালক ফারুক (২৬)। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামের মিরেশ্বরাই এলাকায়। নিহত ফারুক নোয়াখালীর চৌমুহনী শহরের উত্তর হাজীপুর গ্রামের ব্যাপারী বাড়ীর আলী আহম্মদের ছেলে। ওইদিনই তার বিয়ের কথা চূড়ান্ত হওয়ার কথা ছিল কিন্তু তিনি বাড়ি ফিরলেন লাশ হয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরেশ্বরাই পৌঁছালে ফারুকের সামনের গাড়িতে পিকেটাররা পেট্রোল বোমা ছোঁড়ে। তিনি দ্রুত ট্রাক চালিয়ে যাওয়ার সময় পিকেটাররা পিছু ধাওয়া করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ট্রাকটি ধাক্কা খেলে ফারুক মারা যান। চার ভাই-বোন ও পিতা-মাতার সংসারে একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন ফারুক। ট্রাক চালিয়ে পুরো সংসারের খরচ জোগাতেন। গতকাল ফারুকের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মাকে স্বজনরা সান্ব্তনা দেয়ার চেষ্টা করলেও তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন। বৃদ্ধ পিতা আলি আহম্মদও ছেলের শোকে স্তব্ধ হয়ে গেছেন। অনেক কথা জিজ্ঞেস করলেও তিনি শুধু বলেন, ‘যারা আমার ছেলেকে খুন করেছে তাদের ওপর যেন আল্লাহর গজব পড়ে!’