গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ০১:০৮

গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই জানিয়ে বিদ্যমান মূল্যহার বহাল রাখার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মূল্যবৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা শেষে কমিটি এই সুপারিশ করে।

গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারস্থ টিসিবি অডিটরিয়ামে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানি গ্রহণ করেন বিইআরসির চেয়ারম্যান এ আর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুরশেদ। এ সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (চলতি) প্রকৌশলী নওশাদ ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপারিশে মূল্যায়ন কমিটি জানায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) বিদ্যমান প্রতি ঘনমিটার হুইলিং (সঞ্চালন) চার্জ ৩২ পয়সা থেকে কমিয়ে ১৩ পয়সা করার সুপারিশ করা হয়েছে। সে হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে ৩,১২৭.১৫ মিলিয়ন টাকা রাজস্ব আয় হবে তিতাসের। তাই গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই।
গণশুনানিতে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম, বুয়েটের সাবেক অধ্যাপক ড. নূরুল ইসলাম, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির উপদেষ্টা জাকির হোসেন নয়নসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুনানিতে তিতাস-এর পরিচালক (ফিন্যান্স) শঙ্কর কুমার দাস মূল্য বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে গৃহস্থালির কাজে ব্যবহূত গ্যাসের মূল্য ১২২ দশমিক ২২ শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব করা হয়। বর্তমানে গৃহস্থালি কাজে ব্যবহূত এক চুলার মূল্য (সিঙ্গেল বার্নার) চারশ’ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা এবং দুই চুলার (ডাবল বার্নার) মূল্য ৪৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়। এছাড়া বিদ্যুতে প্রতি হাজার ঘন মিটার গ্যাসের বর্তমান দর ৭৯ দশমিক ৮২ টাকা থেকে বাড়িয়ে ৮৪ টাকা, সার উত্পাদনে ৭২ দশমিক ৯২ টাকা থেকে ৮০ টাকা, ক্যাপটিভ পাওয়ার ১১৮ দশমিক ২৬ টাকা থেকে  ২৪০ টাকা, বাণিজ্যিকে ২৬৮ দশমিক ০৯ টাকা থেকে ৩৫০ টাকা, চা বাগানে ১৬৫ দশমিক ৯১ থেকে ২০০ টাকা এবং সিএনজির ক্ষেত্রে ৮৪৯ দশমিক ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৩২.৬৭ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
তবে তিতাস-এর এই প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি সাফ জানিয়ে দেয় যে, গ্যাসের বর্তমান মূল্যহার বৃদ্ধির কোন দরকার নেই।

উল্লেখ্য, বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ এলাকায় গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে তিতাস। তাদের মোট গ্রাহক সংখ্যা ১৭ লাখ ২২ হাজার ৭১২ জন।