আগামী প্রকাশনী বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান। এর মধ্যেই ৩০টি নতুন গ্রন্থ চলে এসেছে আগামীর স্টলে। এবারের মেলা আয়োজনের বেশ প্রশংসা করলেন আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি। বললেন, অন্যান্য বছরের তুলনায় বিক্রি বেশ ভালো। প্যাভিলিয়ন হওয়াতে পাঠকরা বই ঘুরে ঘুরে দেখতে পারছেন। ফলে বিক্রি বেশি হচ্ছে।
ওসমান গনি বললেন, এবছর মেলার নান্দনিকতা বৃদ্ধি পেয়েছে। বিন্যাসে ভিন্নতা এসেছে। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের বড় একটি অংশ নিয়ে বইমেলার আয়োজন করায় পাঠকরাও ঘুরেফিরে আনন্দ পাচ্ছেন।
তবে মেলায় সব প্রকাশকদের সোহরাওয়ার্দী উদ্যানে নেয়ার প্রস্তাব করলেন তিনি। তিনি বলেন, অনেকেই বাংলা একাডেমি ঘুরে ফিরে যাচ্ছেন। এটা পাঠকদের জন্য যেমন মন্দের, প্রকাশকদের জন্যেও হতাশার। একই সঙ্গে তিনি বইমেলার চৌহদ্দির ভেতরে কিছু মানসম্পন্ন রেস্টুরেন্ট রাখার প্রস্তাব করেন। কারণ এই রেস্টুরেন্ট মেলায় আসা পাঠকদের জন্য কিছুটা বিনোদনের ব্যবস্থাও করবে।
ওসমান গনি জানালেন, এবারের মেলায় শতাধিক গ্রন্থ আসবে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’, তসলিমা নাসরিনের ‘গদ্যপদ্য’, হাসনাত আবদুল হাইয়ের নুপ্রভাত, বিষণ্নতা ও একদা, এক যুদ্ধে, অপূর্ব চৌধুরীর অনুকথা প্রভৃতি।
