হত্যার ৩০ ঘন্টা পর দিনাজপুরে বিএসএফের গুলিতে নিহত কৃষক নজরুল ইসলামের লাশ গতকাল মঙ্গলবার বিকালে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুর রশিদ জানান, গতকাল দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তবর্তী গ্রামে ৯৬ বিএসএফের চকবাসন্তিপুর ক্যাম্পের কমান্ডার করলিতিল ও বালুরঘাট থানার ওসি উত্পল দত্ত বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলামের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর ওই কৃষকের লাশ গ্রহণ করেন বিজিবি’র কর্মকর্তা ও বিরামপুর থানার এসআই মমতাজ উদ্দিন। বিএসএফ গত সোমবার গুলি করে বাংলাদেশি কৃষক নজরুলকে হত্যা করে।
পাটগ্রামে ৪ বাংলাদেশিকে
আটক করেছে বিএসএফ
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, উপজেলার জগতবেড় সীমান্তের ওপারে ভারতীয় খালপাড়া সীমান্ত থেকে গত শনিবার চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। আটককৃতরা হলেন- উপজেলার পচাভাণ্ডার গ্রামের মেরাজুল ইসলাম, একই গ্রামের নবিউল ইসলাম, পাটগ্রাম পৌরসভার দক্ষিণ কোটতলী গ্রামের মমিনুর রহমান ও ধবলসুতী গ্রামের ছেলে সাবু।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতের খালপাড়া গ্রামে ঢুকলে ভারতীয় বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
লালমনিরহাট ১৫ বিজিবি-এর অধিনায়ক লে.কর্নেল বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
