সহযোগীকে রক্ষা করতে গিয়ে যুবক নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালারায়বিল এলাকায় সহযোগীকে রক্ষা করতে গিয়ে দা-এর আঘাতে জসিম উদ্দিন (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জসিম ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদাসী গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী।
স্থানীয় ইউপি সদস্য মছদ্দর আলী জানান, একই গ্রামের আনসর আলীর ছেলে সাব্বির মিয়া (১৬) ও ননাই মিয়ার ছেলে সাহেল (১৩) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তাদের সাথে ছিলেন ব্যবসায়ী জসিম উদ্দিন। বাড়ি ফেরার পথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাব্বির সাহেলকে দা দিয়ে কোপ দিতে চাইলে জসিম উদ্দিন তাকে বাঁচানোর চেষ্টা করে। এ সময়ে সাব্বিরের দা-এর কোপ জসিমের মাথায় লাগলে জসিমউদ্দিন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। সহযোগীরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, কয়েকদিন আগে সাহেলকে অপহরণ করে সাব্বির ঢাকায় নিয়ে গিয়েছিলেন। আবারো ঢাকায় নেয়ার চেষ্টা করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।