বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৬
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে সাইফুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যবসায়ী সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের মৃত ইসলামের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে আদাতলা সীমান্ত দিয়ে সাইফুল ইসলাম ভারতে গরু আনতে যান। বুধবার ভোর রাতে ওই এলাকা দিয়ে গরু নিয়ে আসার পথে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র ৩৩ ব্যাটালিয়নের রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
আদাতলা বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে রাঙ্গামাটি বিএসএফ কোম্পানী কমান্ডারের কাছে পত্র পাঠানো হয়েছে।’