বিয়েতে বানর তাড়াতে...

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩৫
 
ভারতের আগ্রায় বানরের আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলছে। এদের আক্রমণে বিয়ের অনুষ্ঠানও পণ্ড হওয়ার উপক্রম হচ্ছে প্রায়শই । এ কারণে সেখানে  বিয়ের অনুষ্ঠানগুলোতে বানরের শত্রু লেঙ্গুর ভাড়া করার ধুম পড়ে গেছে।
আগ্রার পৌর কর্মকর্তা রাম অবতারের ভাষ্য, শীত মৌসুমের বিয়েতে বড় আকারের লেঙ্গুরের ব্যাপক চাহিদা রয়েছে। আগাম ভাড়ায় খরচ পড়ে ভারতীয় মুদ্রায় তিন হাজার রুপি। তবে জরুরি অবস্থায় অর্থাৎ অনুষ্ঠানস্থলে বানর ঢুকে পড়লে তখন খরচ পড়ে ১০ হাজার রুপি।
সাম্প্রতিক বছরগুলোতে আগ্রায় বানরের উৎপাত বেড়েছে। হিন্দুরীতিতে বানরকে মঙ্গলকর বলে বিবেচনা করায় এর সংখ্যা বেড়েই চলছে।
আক্রমণের শিকার অমিতা সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, তার বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণহীন অনেকগুলো বানরকে দেখে ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল আমি চেয়ার থেকে পড়ে যাব। আমার মেকাপ ও সাজ দুইটাই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে অমিতা তার বিবাহত্তোর সংবর্ধনায় লেঙ্গুর ভাড়া করেছিলেন।
আগ্রার বাসিন্দা দীপেশ গুপ্ত একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে বানরের হামলা লক্ষ্য করেন। পরে নির্বিঘ্নে নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠান করতে তিনি তিনটি লেঙ্গুর ভাড়া করেছিলেন। সূত্র: এএফপি।