স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি আমরা আর কোনো আহ্বান জানাতে চাই না। আইন-শৃঙ্খলা বাহিনীকে বলব, সন্ত্রাস নির্মূল করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। কোনো শৈথিল্য দেখালে চলবে না।’
আজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ‘সব’ পদক্ষেপে ১৪ দলের সমর্থন থাকবে বলে জানান নাসিম।
মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক নাসিম বলেন, ‘মিঠাপুকুর ও চৌদ্দগ্রামের ঘটনা একই কায়দায় ঘটানো হয়েছে। তদন্ত করে দেখতে হবে, কারা কিভাবে এই ঘটনা ঘটাল।’ এই ঘটনায় পুলিশের মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
