ডিসিসি নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন: সিইসি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪১
 
 
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা  বৈঠক  শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
 
এই মুহূর্তে যদি মধ্যবর্তী নির্বাচন করতে হয়, তাহলে ইসি প্রস্তুত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রকিবউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেবে। নির্বাচন কমিশনকে সব সময় নির্বাচন করার জন্য প্রস্তুত থাকতে হয়। যেমন, এখন যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিসিসির নির্বাচনের গেজেট প্রকাশ করে, তাহলে আমাদের নির্বাচন করতে হবে।
 
কবে নাগাদ ডিসিসি নির্বাচন হতে পারে জানতে চাইলে সিইসি বলেন, সীমানা জটিলতা নিরসন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে। সেই গেজেটের কপি হাতে না পেলেই আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারবো। সে লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচনের ব্যয় সংক্রান্ত অর্থ চেয়ে অর্থমন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।