রাষ্ট্রপতির কাছে মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১১
বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার পরিচয়পত্র পেশ করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি নতুন মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার সময়ে দুই দেশের বর্তমান সম্পর্ক আরো জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আব্দুল হামিদ বলেন, সহিংসতা-সন্ত্রাস কোনো গণতান্ত্রিক ভাষা নয় এবং এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ সময় নতুন মার্কিন রাষ্ট্রদূত বলেন, সহিংসতা কোনোভাবেই গণতন্ত্রের পথ হতে পারে না। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বাসস’কে এ কথা জানান। আলোচনাকালে আব্দুল হামিদ পোশাক খাত বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা নিয়ে কথা বলেন।
নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের অগ্রগতিতে মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত বার্নিকাট দুই দেশ ও দেশের জনগণ এবং একইসঙ্গে আঞ্চলিক ও বিশ্ব সমপ্রদায়ের স্বার্থে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের উপর জোর দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে এবং আমরা জানি যে  উভয় দেশের জনগণই উপকৃত হয় যখন আমরা একসঙ্গে কাজ করি, যা আমরা অনেক বিষয়েই করে থাকি।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত্:
বুধবার সকালে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পঙ্কজ শরনের গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এই প্রথম ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করলেন। তারা উভয়ে পরিচিত হন ও বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।