অবৈধ সম্পদ অর্জন ও তা পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি ও জিএমসহ চারজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকালে রাজধানীর রমনা মডেল থানায় চারটি এবং ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদি হয়ে মামলাগুলো দায়ের করেছেন।
মামলাগুলোতে বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোনায়েম খান, সাবেক জিএম ও শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরী এবং তাদের স্ত্রীদের আসামি করা হয়েছে।
দুদক সূত্র জানায়, মোনায়েমের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় একটি এবং ভাটারা থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রমনা মডেল থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এজাহারে ৭৪ লাখ ৮০ হাজার টাকা অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। ভাটারা থানায় তার বিরুদ্ধে পৃথক মামলায় ৭৫ লাখ টাকার অভিযোগ আনা হযেছে। অপর দিকে মোনায়েমের স্ত্রী শাহনাজ পারভীনের বিরুদ্ধেও ২ কোটি ৪ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ এনে রমনা মডেল থানায় পৃথক আরেকটি মামলা দাযের করা হয়েছে।
এছাড়া বেসিক ব্যাংকের শান্তিনগর ব্রাঞ্চের সাবেক শাখা প্রধান মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ৫০ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের অভিযোগে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে মোহাম্মদ আলী চৌধুরীর পাশাপাশি তার স্ত্রী ইসমাত আলীর বিরুদ্ধেও ৭৫ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ এনে একই থানায় মামলা দায়ের করা হয়েছে।
