রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকরা চলমান হরতাল ও অবরোধের সমর্থনে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটায় রবীন্দ্রভবনে গ্রুপের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাদাদলের সভাপতি কেবিএম মাহবুবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
মাহবুবুর রহমান বলেন, ‘চলমান হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য জীবনের চরম ঝুঁকি। অনেক শিক্ষার্থী বাসা থেকে আসতে পারেনি। শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে সচেতন শিক্ষক হিসেবে আমরা ক্লাস-পরীক্ষা নিতে পারি না। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সাদাদল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকদের যৌথসভায় ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।’
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রাবি খুললেও এতোদিন ক্লাস পরীক্ষা হয়নি। গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু উপলক্ষ্যে অন্যান্য বর্ষের ক্লাস পরীক্ষা শুরু করার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
