গাজীপুরে বাসে পেট্রোল বোমা: দগ্ধ ৩

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ২২:২০
 
ঢাকা-গাজীপুর মহাসড়কের নলজানি এলাকায় বলাকা পরিবহণের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩ বাসযাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সবুজ (২০), রাকিব (১২) ও নূরুন্নবী (২৬)। এ ঘটনায় গুরুত্বর দগ্ধ নূরুন্নবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে ঢাকাগামী বলাকা পরিবহণের একটি বাস নলজানি এলাকায় পৌঁছলে বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন ধরে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি দেয়ালে আঘাত করে।
এ সময় স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, বাসে আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নেভায়।
গাজীপুর সদর হাসপাতালের আরএমও আব্দুস সালাম সরকার জানান, দগ্ধ ৩ জনের মধ্যে নূরুন্নবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।