গাইবান্ধা-রংপুর রুটে যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ আহত ৩

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:২৪

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ধাপেরহাট বাজারের ফাইভস্টার মোড়ে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে হরতাল -অবরোধ সমর্থকরা। এতে তিনযাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে কনা খাতুনকে (২০) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুইজন বেবি বেগম (২৫) ও শহিদুল ইসলামকে (৪৫) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আহত তিনজনের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পদির্শক (এস আই) জালাল উদ্দিন জানান, বুধবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনআর পরিবহনের একটি বাস ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। রাত আটটার দিকে ওই এলাকার ফাইভস্টার মোড়ের আমেনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছুলে বাসটি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দূবৃর্ত্তরা। এতে বাসের জানালার কাঁচ ভেঙ্গে তিনযাত্রী আহত হন।
তিনি আরও জানান, এসময় বাসটির সামনের অংশে আগুন ধরে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।