পেট্রোল বোমায় নিহত যশোরে বাবা-মেয়ের দাফন সম্পন্ন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৪৩

বেদনাবিধূর ও শোকাবহ পরিবেশে যশোরের ঠিকাদার নূরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশার দাফন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় নিহত হন বাবা-মেয়ে। গতকাল যশোর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এদিকে গত মঙ্গলবার রাতে বাবা-মেয়ের লাশ শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাড়িতে পৌঁছালে এক হূদয়-বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙ্গে পড়েন। শোকাবহ এ পরিবেশে তাদের শেষবারের মতো দেখার জন্য হাজারও মানুষ ভিড় করেন।