তাইওয়ানে বিমান বিধ্বস্ত হয়ে ২৩ জন নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ০০:২৬

অর্ধশতাধিক আরোহী নিয়ে তাইওয়ানের ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি উড়োজাহাজ সেতুতে ধাক্কা খাওয়ার পর একটি নদীতে পড়েছে। বুধবার সকালে এ ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। যাত্রীদের বেশিরভাগই চীনের নাগরিক। খবর বিবিসি ও রয়টার্সের।

স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৫৩ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২০ জনের খবর এখনো পাওয়া যায়নি। ৩১ জনই তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জিয়ামেনের পর্যটক। উদ্ধারকৃতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, রাজধানী তাইপের কিলুং নদীতে বিমানটি প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে। তাইপের সংসান বিমানবন্দর থেকে উড়ালের পরপরই বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে সিএনএ জানিয়েছে। সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, একটি সেতুতে ধাক্কা খাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারায়। স্থানীয় ইটিটিভি টেলিভিশনে সমপ্রচারিত ফুটেজে দেখা যায়, বিমানটি একটি সড়ক সেতুতে ধাক্কা খাওয়ার পর নদীতে পড়ছে। গত জুলাইয়ে তাইওয়ানে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হন।