এতদিন মানুষে মানুষে যুদ্ধ ঘোষণার কথা আমরা শুনেছি; কিন্তু এবার সাপের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বন কর্মকর্তারা।
ফ্লোরিডার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানিয়েছেন, তারা একটি নতুন ফ্রন্ট খুলেছেন যেখানে লোক নিয়োগ দিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কিভাবে সাপের হিস হিস শব্দ শুনে পাকড়াও করতে হবে তার প্রশিক্ষণ দিচ্ছেন কর্মকর্তারা। নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন প্রকারের সাপ চেনার উপায়ও শেখানো হচ্ছে। মানুষের ওপর আক্রমণকারী সাপ তথা অজগরের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছেন। ফ্লোরিডার ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশনের জীববিজ্ঞানী জেনি নোভাক জানিয়েছেন, তারা মূলত বার্মিজ অজগর দূর করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশিক্ষণের পর স্বেচ্ছাসেবীরা কয়েকটি সাপ ধরেছেনও। তবে এভাবে সাপ ধরার সমালোচনাও হচ্ছে। অঙ্গরাজ্যের দক্ষিণের বিশাল অংশ জুড়ে সাপের উত্পাত আছে। ধারণা করা হচ্ছে এই অঞ্চলে দেড় লাখ বার্মিজ অজগর রয়েছে। -এবিসি নিউজ
