যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় একটি কমিউটার ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপি’র।
নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রিউ কুওমো জানিয়েছেন, কমিউটার ট্রেনটিতে ৮শ’ যাত্রী ছিল। নিউইয়র্ক শহর থেকে ২০ মাইল দূরে সন্ধ্যা সাড়ে ৬টায় ভালহাল্লায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ৬ যাত্রীসহ জিপ গাড়ির নারী চালকও এতে নিহত হন। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। এসময় ট্রেনের সম্মুখভাগেও আগুন ধরে। ট্রেনটি নিউইয়র্ক শহরের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে রাজ্যের দক্ষিণ-পূর্বের ওয়াসাইকের দিকে যাচ্ছিল। এমটিএ মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি ও যাত্রীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ কয়েকশ যাত্রীকে উদ্ধার করতে সহায়তা করেন। ট্রেনের যাত্রী নীল রাডার ট্রেনের মাঝামাঝি অংশে বসেছিলেন। তিনি জানান, দুর্ঘটনার সময় ট্রেনটি সামান্য কেঁপে ওঠে। এরপর ট্রেনটি বন্ধ হয়ে যায়। তিনি আরো জানান, যাত্রীদের দরজার কাঁচ ভেঙ্গে বের হয়ে আসতে হয়। তিনি ঘটনাস্থলে ৫০ থেকে ৬০টি অ্যাম্বুলেন্স দেখেছেন।
