ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীকে বরখাস্ত করা হয়েছে। সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের এক মন্ত্রীর জন্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) ফোন করায় তাকে বরখাস্ত করা হয়। বুধবার তাকে প্রধানমন্ত্রীর অফিসে তলব করার পর এ সিদ্ধান্তের কথা জানা যায়। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এতথ্য জানানো হয়। তবে এনডিটিভি’র খবরে বলা হয়েছে, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে স্বীকার করেছেন যে তিনি সিবিআইকে ফোন করেছিলেন। রাজনাথ সিং প্রধানমন্ত্রী মোদীকে এ বিষয়ে জানিয়েছেন এবং তারা দুইজনেই স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হন। এরপর তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে তলব করা হয় এবং বরখাস্তের খবর পাওয়া যায়। অনিল গোস্বামী সারদা কেলেঙ্কারির ঘটনায় সাবেক মন্ত্রী মাতাং সিংয়ের গ্রেফতার আটকাতে চেয়েছিলেন। তিনি সিবিআইকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। গত সপ্তাহে মাতান সিংকে গ্রেফতার করা হয়। গতকাল সন্ধ্যায় জানা যায়, তাকে এই মুহূর্তে অপসারণ নাও করা হতে পারে। কারণ আগামী শনিবার দিল্লির বিধানসভার নির্বাচন। এতে নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন তিনি। কিন্তু রাতেই তাকে বরখাস্তের খবর আসে। আগামী জুলাই মাসে তার অবসরের যাওয়ার কথা রয়েছে। দুই বছর স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিংকেও সরিয়ে দেয় মোদী সরকার। এর আগে দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থার চেয়ারম্যান অভিনাশ চন্দরকে অপসারণ করা হয়। এরা কংগ্রেস আমলে নিয়োগ পেয়েছিলেন।
