আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে জনতা ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন-জনতা ব্যাংকের সাবেক এজিএম মো. আফজাল হোসেন, জিএম মো. নুরুজ্জামান, এফএজিএম মো. এনামুল হক, ডিজিএম মো. নজরুল ইসলাম ও ব্যাংকের লোকাল অফিসের ম্যানেজার (আইসিডি) শাসসুন্নাহার বেগম। বর্তমানে তারা এ ব্যাংকটির দায়িত্বে নেই।
দুদক সূত্র জানায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। পরবর্তী সময়ে কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।
