প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় টুঙ্গিপাড়া উপজেলার সরকারি কর্মকর্তাদের মধ্যে মিডিয়া প্যাড (ট্যাব) বিতরণ করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে জয় সরকারি কর্মকর্তাদের মধ্যে মিডিয়া প্যাড (ট্যাব) বিতরণ করেন।
ভিডিও কনফারেন্সের উপস্থিত সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে জয় বলেন, শুধু টুঙ্গিপাড়া নয় আমরা দেশের জন্য কাজ করতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দেশের মানুষের জন্য কাজ করতে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। এ সময় বিতরণ করা ট্যাবগুলো যথাযথভাবে ব্যবহার করতে সবার প্রতি আহ্বান জানান জয়।
ভিডিও কনফারেন্সে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানূর আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
জয় আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্বপ্ন ছিল। সেগুলোর বাস্তবায়ন হচ্ছে। আমারও ব্যক্তিগত একটি স্বপ্ন ছিল। তা হলো, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা। আজ মানুষ সেই সুবিধা পাচ্ছে। দেশের মানুষের উন্নয়নই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। আপনারা জানেন, সবকিছু দুর্নীতি করলেও কম্পিউটার কখনো দুর্নীতি করে না। দেশের প্রতিটি মানুষকে যেন সরকারি সেবা পেতে কষ্ট না হয়, এ জন্যই কাজ করা হচ্ছে। সরকারি সেবা যত ডিজিটাইজড হবে, দুর্নীতি তত কমে আসবে। এ সময় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
