নারায়ণগঞ্জ আদালত সংলগ্ন আইনজীবীদের চেম্বারের একটি ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মানিব্যাগ উদ্ধার করেছে। যার ভেতরে দুইটি ছবি, কিছু ভিজিটিং কার্ড ও দুইটি সলতা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ আদালতের বাইরে উত্তর পাশে আইনজীবীদের চেম্বার ভবন হাজী জালাল ম্যানশন ও হাজী নুরুল ইসলাম ম্যানশনের মধ্যকার গলির ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নুরুল ইসলাম ম্যানশনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া শহিদ মিয়ার স্ত্রী সুর্বণা জানান, দুপুর দেড়টার দিকে তার মেয়ে সুমাইয়া ঘরে বসে টিভি দেখছিল এমন সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে তাদের ঘরের জানালার গ্লাস ভেঙ্গে পড়ে যায়। এ সময় আশে পাশের সবাই ছুটো ছুটি শুরু করে দেয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক(এএসআই) ইমরান জানান, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। যার মধ্য থেকে দুইটি পাসপোর্ট সাইজের ছবি, কিছু ভিজিটিং কার্ড ও দুইটি সলতা পাওয়া গেছে।
