বিএনপি-জামায়াত জোট সরকার আমলে করা নভোথিয়েটার দুর্নীতির মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দিয়েছে আদালত। তার সঙ্গে অব্যাহতি পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ এস কে সাদেক, বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরও।
বৃহস্পতিবার ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস আসামিদের অব্যাহতির আদেশ দেন।
এর আগে একই ঘটনায় দায়ের করা তিনটি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনজুর মোরশেদ আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। পরে আদালত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন।
