রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে উদ্বেগ রবার্ট গিবসনের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪৬
 
 
 
 
চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। একই সঙ্গে এ সব সহিংস ঘটনার তদন্তও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে সরকারসহ সব রাজনৈতিক দলকে সংযত আচরণ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সহিংসতা ও ধংসের চক্র ভেঙে বেরিয়ে এসে একত্রে কাজ করারও আহ্বান জানান তিনি। যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দেশে ফেরার পর গিবসন এ বিবৃতি দেন।
সহিংসতার কারণে হতাহতের ঘটনা অব্যাহত থাকা, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়া এবং অর্থনৈতিক ক্ষতি চলতে থাকায় তিনি মর্মাহত বলে বিবৃতিতে জানান। একই সঙ্গে তিনি সব দলকে উস্কানি ও সহিংসতা এবং ভীতি তৈরির কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। 
হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, গত এক মাসে রাজনৈতিক সহিংসতায় অর্ধশতাধিক প্রাণহানি, কয়েক শ লোকের বীভত্সভাবে আহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। এ সহিংসতার কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। এটা বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে চলেছে। আমি আশা করি—সব দল উস্কানি ও সহিংসতা এবং ভীতি তৈরির কার্যকলাপ থেকে বিরত থাকবে। কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় নিহতের ঘটনায় গভীর শোক জানিয়ে তিনি বলেন, ‘চলমান সহিংস কর্মকাণের জন্য নিরীহ মানুষকে কী ভাবে মূল্য দিতে হচ্ছে এ ঘটনা তার সর্বশেষ উদাহরণ।