ব্রিটেনে ইহুদি কমিউনিটির ওপর হামলা বেড়েছে দ্বিগুণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩২
 
ব্রিটেনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের ওপর গত এক বছরে হামলার ঘটনা দ্বিগুণ হয়েছে। গত বছর ইসরাইলি বাহিনী নির্বিচারে ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানোর পর ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার ব্যাপকতা দেখা যাচ্ছে। তবে সম্প্রদায়টির নেতারা মনে করছেন নিরাপত্তা দিতে দেশটির সরকারের ব্যর্থতার কারণে গত এক বছরে অ্যান্টিসেমিটিক হামলাগুলো বৃদ্ধি পেয়েছে।
কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট (সিএসটি) এর বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৩ সালে যেখানে ৫৩৫টি আক্রমণ হয়েছিল সেখানে ২০১৪ সালে ১ হাজার ১৬৮টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ব্রিটেনে ইহুদি নাগরিকদের ওপর হামলা, দুর্ব্যবহার, সম্পত্তির ক্ষতিসাধনসহ নানা ধরণের হুমকি প্রদান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।  এতে আরও বলা হয় ব্রিটেনে দুই লাখ ৯১ হাজার ইহুদি নাগরিক রয়েছে। সম্প্রদায়টির ওপর ২০০৯ সালের তুলনায় ২০১৩ সালে এই হামালার ঘটনা ২৫ শতাংশ বেড়েছিল। সেখানে গত এক বছরেই এই হামলা দ্বিগুণ বৃদ্ধি পেল।
সিএসটি জানায়, এসময় ৮১ জনকে সহিংস নিপীড়ন, ৮১টি সম্পদের ওপর হামলা ও ধর্মীয় স্থান অপবিত্র করাসহ ৮৮৪ জনের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় মামলা করা হয়েছে। এর মধ্যে ইহুদি সংগঠনগুলোতে চিঠি প্রেরণ, ফেইসবুক-টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর মত কয়েক 'শ ঘটনা রয়েছে। আর এসবই ঘটেছে গাজা উপত্যকায় ইজরায়েল হামলা চালানোর পর।
তবে বিশ্লেষকরা মনে করেন, গত বছর ইসরাইলি হামলায় নারী, শিশুসহ ২১৩১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পর বিশ্বজুড়ে যে ইহুদিবিদ্বেষের ঢেউ উঠেছিল তারই প্রতিফলন ঘটেছে ব্রিটেনে।