রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা, শিক্ষকসহ আহত ১৫

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৩৯

জেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় ২ শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ক্যাম্পাসে গত বুধবার রাতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ৭ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি এ হামলার ঘটনা ঘটে।

আহতদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে এবং পুলিশের সামনে সন্ত্রাসীরা ক্যাম্পাসে এ হামলা চালায়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুনরায় দুই পক্ষে বিভক্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে গত বুধবার রাতের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাজমুল হককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা থেকে প্রশাসনের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে হল, ক্যাফেটরিয়া চালু ও দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণসহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেন কিছু শিক্ষার্থী। রাত ৯টার পর থেকেই তাদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিতে থাকে উপাচার্যপন্থী বিভিন্ন মহল। এমনকি কিছু বহিরাগতরাও তাদের হুমকি দেয়। এ অবস্থায় তারা পুলিশ ও প্রক্টরের কাছে নিরাপত্তা চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। রাত সোয়া ১২টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে আমরণ অনশনকারীদের ওপর হামলা চালায়।