শেষ হলো প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৫৩
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে শুক্রবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হলো। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলে। এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা হয়। এছাড়া দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষি।ঠত হয়।
আজকের এই পরীক্ষা ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে হরতাল ডাকায় ২ ফেব্রুয়ারির পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারির স্থগিত হওয়া পরীক্ষা। রবিবার অনুষ্ঠিত হবে এসএসসির সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত পরীক্ষা।
আজ হরতাল না থাকলেও অবরোধ রয়েছে। আর অবরোধ কর্মসূচির মধ্যেই পরীক্ষা হলে যাবে শিক্ষার্থীরা। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকে এসএসসি পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে-এমন ঘোষণা ছিল অনেক আগেই। পরীক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, যেহেতু অবরোধ আছে, তাই শংকা তো আছেই। শংকার মধ্যে থেকেই পরীক্ষা দিতে হবে।
এবার ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী। বিদেশে আটটি কেন্দ্রসহ এবার ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় শেষ হবে ১১ মার্চ। প্রথম পরীক্ষা কুরআন মাজিদ ও তাজবীদ। সময় সূচিতে ১৯ মার্চের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।