পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শিবির ক্যাডার নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১০:২৪
বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া শিবির ক্যাডার শহীদুল ইসলাম পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত দুইটায় যশোর-খুলনা মহাসড়কের রামনগর পিকনিক কর্নার এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শহরের প্রতিটি এন্ট্রি পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। রামনগর চেকপোস্টের টহলরত পুলিশ নম্বরবিহীন একটি মাইক্রোবাস দেখে থামার সঙ্কেত দেয়। কিন্তু তা অগ্রাহ্য করে মাইক্রোবাস থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা হামলা চালানো হয়। জবাবে পুলিশও এ সময় শর্টগানের ২৫ রাউন্ড গুলিবর্ষণ করে। ‘বন্ধুকযুদ্ধে’ এ সময় তিন পুলিশ আহত হন। পরে রাস্তার ওপর গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে। যশোর জেনারেল হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ চারটি বোমা উদ্ধার করেছে।
পুলিশ সুপার জানান, নিহতের পরিচয় জানার জন্য আশেপাশের সকল থানায় ছবি ও বার্তা পাঠানো হয়েছে।