কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় ফরিদুল ইসলাম ফজু (৩২) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া মেহেরপুর সড়কের চার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফরিদুল উপজেলার মালিহাদ ইউপির রতনপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফজু নামে এক পথচারী পায়ে হেঁটে কুষ্টিয়ার দিকে আসার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ফজু ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
