বিএিনপি-জামায়াতের ৩৮ নেতা-কর্মী আটক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:০৩
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াতের দুই নারী রোকনসহ জামায়াত ও বিএনপির ১৫ নেতা-কর্মী রয়েছেন।
এদের মধ্যে জামায়াতের নারী রোকন জাহানারা বেগম (৪৮) ও মোছা. সুকতারা (৩৬) শুক্রবার ভোর রাত একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আব্দুর রহমানের বাড়িতে গোপন বৈঠককালে আটক করা হয়। জাহানারা বেগম ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভানেত্রী ও জেলা জামায়াতের নেতা মাওলানা আব্দুল বারীর স্ত্রী এবং মোছা. সুকতারা একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের গোলাম মোস্তাফার স্ত্রী।
আটকদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থেকে দুইজন, তালা থেকে চারজন, কালিগঞ্জ থেকে পাঁচজন, শ্যামনগর থানা থেকে দুইজন, আশাশুনি থেকে চারজন, দেবহাটা থেকে ছয়জন ও পাটকেলঘাটা থানা পুলিশ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।