তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের সদস্য লকেট চ্যাটার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছের মানুষ হিসেবে পরিচিত মহিলা কমিশনের সদস্যপদ থেকেও তিনি ইস্তফা দেবেন। লকেট চ্যাটার্জি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সারদাকাণ্ডে তৃণমূলের ওপর মানুষের অবিশ্বাস বাড়ছে। দোষ না করেও শুধু শুধু কেন দোষের ভাগিদার হব?
তৃণমূল থেকে প্রতিবাদও করা সম্ভব হচ্ছিল না। উন্মুক্ত আকাশ খুঁজছিলাম। বিজেপির সঙ্গে আর্দশগত মিল পেয়েছি, সেই কারণে বিজেপিতে যোগ বলে জানিয়েছেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি।
কদিন আগেই বিজেপিতে যোগ দেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি ও সংগীত শিল্পী কুমার শানু, জর্জ বেকার, নিমু ভৌমিক, রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু, দেবিকা মুখোপাধ্যায়সহ টালিউডের এক ঝাঁক তারকা সাম্প্রতিক কালে বিজেপিতে যোগ দিয়েছেন। তবে তারা কেউই প্রকাশ্যে তৃণমূল-ঘনিষ্ঠ ছিলেন না।
লকেট জানিয়েছেন, তিনি মানুষের জন্য কাজ করার আশায় তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু তা করতে পারেননি। উল্টো তৃণমূলে তার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। দলের কাজকর্মের সঙ্গে নিজের নীতি-আর্দশের সংঘাত হচ্ছিল। তাই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।
লকেটের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কাজের মাধ্যমে সকলকে আকর্ষণ করছেন। খবর বাসস।
