রায়পুরায় একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৪১

নরসিংদীর রায়পুরায় একসঙ্গে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মনিকা রানী বর্মণ (১৫) ও শুকলাল বর্মণ (১৭) নামে এক প্রেমিক যুগল। মনিকা রানী বর্মণ হাইরমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও শুকলাল বর্মণ স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন। উভয়ই একে অপরের প্রতিবেশী।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের সাউদ পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মনিকা রানীর স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় মনিকা রানী পড়ার টেবিল থেকে উঠে ঘরের বাহিরে যান। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরের দিন শুক্রবার ভোরে বাড়ি থেকে আনুমানিক দুইশ গজ দূরে পুকুর পারের একটি গাছে একই রশিতে একই সাথে তাদের দুইজনের লাশ ঝুলে থাকতে দেখে আশপাশের লোকজন তাদের বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নিহত শুকলালের বাবা বিশা বর্মন বলেন, তাদের প্রেম ঘটিত বিষয়ে আগে কোন কিছুই জানতাম না। জানলে আজ এ দিনটি দেখতে হতো না।