গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সিমেন্ট বোঝাই দুইটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে ট্রাক দুইটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ হাতাহত হয়নি। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সবরিতলা এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, খুলনা থেকে সিমেন্ট বোঝাই দুইটি ট্রাক গাইবান্ধায় আসছিল। সকালে ওই এলাকায় ট্রাক দু’টি পৌঁছলে অবরোধকারীরা পথরোধ করে। পরে তারা ট্রাক থেকে চালক ও তার সহকারীকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক দুইটির সামনের অংশ (কেবিন) আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, নাশকতাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
