‘মাসব্যাপী ধর্ষণ’ চালিয়েছে দ. সুদানের যোদ্ধারা : জাতিসংঘ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৫৯
 
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, দক্ষিণ সুদানের যোদ্ধারা ‘এক মাসব্যাপী ধর্ষণ’ চালিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মহাসচিব ইভান সিমোনোভিচ ‘ধ্বংস হয়ে যাওয়া শহর’ বেনতিউ ও মালাকাল পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি আরো বলেন, তাদের অস্ত্রবিরতি চুক্তি লংঘনও অব্যাহত আছে।
সিমোনোভিচ বলেন, তিনি যোদ্ধাদের ধর্ষণ অভিযানের খবর পেয়েছেন। এ ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করার মতো না।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরো বলেন, উদ্ভুত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা চালানো প্রয়োজন। এটা সহ্য করার মত না।
২০১৩ সালে প্রেসিডেন্ট সালভা কির তার ক্ষমতাচূত ডেপুটি রিয়েক মাচারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা চালানোর অভিযোগ উত্থাপনের পর বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদানে এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়।
রবিবার দক্ষিণ সুদানের বিবদমান পক্ষগুলোর নেতারা আরেকটি অস্ত্রবিরতিতে সম্মত হয়। কিন্তু ক্ষমতার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ায় তারা একটি সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন চলতি সপ্তাহে দেশটির নেতৃবৃন্দকে জনগণের স্বার্থ তাদের নিজ স্বার্থের ওপর স্থান দেয়ার আহ্বান জানান।