পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতের মুড়িখাওয়া ফাঁড়ির বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানা লক্ষ্য করে রাতের আধারে ফাঁকা গুলি করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের ৪৪৩নং মেইন পিলার বরাবর এই ঘটনা ঘটে।
সীমান্তবাসীরা জানান, ভারতের মুড়িখাওয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিন-চারদিন ধরে মহানন্দা নদী থেকে পাথর তোলা বন্ধ করে দিয়েছে। এতে করে বাংলাদেশি কোন শ্রমিক নদীতে নামতে পারেনি। এছাড়া ভারতের হাফতিয়া ব্রিজের নীচ দিয়ে ভারতের কিছু গরু চোরাকারবারী বিএসএফ’র চোখ ফাঁকি দিয়ে মাঝে মধ্যে গরু নিয়ে আসত। গত কয়েকদিন ধরে বিএসএফ’র কড়াকড়ি আরোপের ফলে তাও বন্ধ রয়েছে। ঘটনার রাতে বিএসএফ রাতের আধারে ফাঁকা গুলি ছুড়ে ও সার্চ লাইট ফোকাস দিয়ে মমিনপাড়া, তেলিপাড়া ও পুরাতন বাজার গ্রামবাসীর মনে আতংক সৃষ্টি করে। এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিএসএফ সদস্যরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ সীমান্তের মন্দির এলাকায় ঢুকে পড়ে।
তেঁতুলিয়া বিজিবি’র কোম্পানি সদর সুবেদার দিদার আলী জানান, খবর পেয়ে বিজিবি’র একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ মন্দির এলাকা ছেড়ে তাদের সীমান্তে চলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি’র পক্ষ থেকে ঘটনাটির প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
