প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন আইএস’র (ইসলামিক স্টেট) মতো যারা সন্ত্রাসী হামলা করছে তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। যেকোনো মূল্যে আমরা বাংলার মানুষকে নিরাপদ রাখব। তোমরা (সন্ত্রাসীরা) বাঁচতে চাইলে মানুষ পোড়ানো বন্ধ কর।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ‘লেক শোর’ হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস বনাম রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হুঁশিয়ার করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তোমারা বেঁচে থাকতে চাইলে থাম। আমরা তোমাদের ধরবই। জ্যান্ত হোক বা যেকোনোভাবেই হোক।’
যারা সংলাপের কথা বলছেন তাদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, কোনো যুক্তি দিয়েই বলা যায় না যে, সংলাপ করলে চলমান সহিংসতা থেমে যাবে। তারা বর্তমানে সহিংসতার পথে রয়েছে, মানুষ পুড়িয়ে মারছে। তারা যখন সহিংসতার পথেই নেমেছে, তবে তাদের সঙ্গে কিসের সংলাপ? তিনি বলেন, এতদিন ভাবতাম যারা সংলাপ, সংলাপ করে যাচ্ছে তারা স্টুপিড, এখন দেখি তারা পাগল। এতবছর ধরে যখন সংলাপ হচ্ছে না, তখনও তারা সংলাপ, সংলাপ করে যাচ্ছে। তাদের মনে রাখা উচিত সংলাপে সংঘর্ষ কোনো দিন থামবে না।
জয় আরো বলেন, একটি দেশের প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া ঘরে প্রবেশ করতে দেননি। তার দরজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আসতে হয়েছে। তাদের সঙ্গে আবার সংলাপ হবে! একজন পাগল ছাড়া কি কেউ বলতে পারেন যে খালেদার সঙ্গে সংলাপে বসতে।
জয় বলেন, পুলিশ ও সরকারের দায়িত্ব দেশের মানুষকে নিরাপদ রাখা। কেউ যদি এভাবে নিরীহ মানুষ মারতে যায়, তাহলে পুলিশের দায়িত্ব যেভাবেই হোক সেটা থামানো। এটা তাদের অধিকার নয়, এটা তাদের দায়িত্ব।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ এ. আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ডা. এনামুল হক, রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক প্রমুখ।
