কড়া নিরাপত্তার মধ্যে শুরু এসএসসি পরীক্ষা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ০০:১৫

উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যেই পরীক্ষার্থীরা গতকাল শুক্রবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিবন্ধিত হয়। গতকাল পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে রাজধানীসহ সারাদেশের পরীক্ষা কেন্দ্রে ও এর আশপাশে পুলিশের সঙ্গে র্যাব ও বিজিবি মোতায়েন ছিল।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির কারণে দুই দফা পরীক্ষা পেছানোর পর শুক্রবার সকাল ৯টায় প্রথম পরীক্ষা শুরু হয়। হরতাল-অবরোধের কারণে আজ শনিবার ও আগামীকাল রবিবার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। টানা তিনটি পরীক্ষার কারণে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। আজ ৪ ফেব্রুয়ারির স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে হরতালসহ পরীক্ষা বাধাগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয়  জোটের প্রতি আবারো আহ্বান জানাচ্ছি। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে। কোথাও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, খবর পেয়েছি ছাত্রদল কোনো কোনো বিভাগীয় পর্যায়ে হরতাল ডেকেছে। আজ তো পরীক্ষা ছাড়া কোনো কিছু হওয়ার কথা নয়। একটি ছাত্র সংগঠনের ছাত্রদের বিরুদ্ধে হরতাল দেয়া কোনো রাজনীতি হতে পারে না।
গতকাল ১০ শিক্ষাবোর্ডে ১৯ জন পরীক্ষার্থী এবং ৩ জন শিক্ষক বহিষ্কার হয়। বহিষ্কার হওয়া পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে ৪ জন, মাদ্রাসা বোর্ডে ৪ জন এবং কারিগরি বোর্ডে ১১ জন। শিক্ষক বহিষ্কার হয়েছেন ৩ জন কারিগরি শিক্ষা বোর্ডে।
এছাড়া গতকাল ৮ সাধারণ বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ১৫৯ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৭৭০ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডে ১ হাজার ৩৪৮ জন। মোট বহিষ্কার হয় ৭ হাজার ২৭৭ জন।
এবার বিদেশে ৮টি কেন্দ্রসহ এবার ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথমদিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। নাশকতা ঠেকাতে নগরীর প্রতিটি কেন্দ্রের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও অবস্থান করেন। সন্তান পরীক্ষার হলে প্রবেশ করার পর উদ্বিগ্ন অভিভাবকরাও কেন্দ্রের সামনে অপেক্ষা করতে থাকেন। পরীক্ষা শেষ হওয়ার পর সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন তারা।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. পীযুষ দত্ত ইত্তেফাককে জানান, এই শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম নগরী ও জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার ১৫৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
নগরীর খাস্তগীর স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। কোনো ধরনের বিপত্তি ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এবছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ৮৮ হাজার ৬০২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।