গাজীপুরে বসত ঘরে আগুন স্বামী-স্ত্রী দগ্ধ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৪১

গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকা ছোট ভাইয়ের বসত ঘরে বড় ভাই পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে ২টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে অগ্নিদগ্ধ হয়েছেন ভাই মনির হোসেন (৩৪) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৬)। গুরুতর আহত মনির হোসেনকে গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মনির হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার রাতে স্বামী মনির হোসেন, ছেলে মুরসালিন (৫) ও  ৫ মাস বয়সী মেয়ে মরিয়মকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি তার পাশের খালি ঘরে শব্দ পেয়ে জেগে উঠে আগুন দেখতে পান। তিনি তার স্বামী ও সন্তানকে ডেকে তুলে ঘরের বাইরে বের হতে চাইলে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে ঘরের পেছনের অন্য দরজা দিয়ে তারা বাইরে বের হয়ে আসেন। মনিরের ছেলেকে খুঁজে না পেয়ে তাকে খুঁজতে ঘরে গেলে মনির আগুনে দগ্ধ হন। এ সময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসও সামান্য দগ্ধ হন। দগ্ধ মনির হোসেনকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল পরে গতকাল দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আগুন লাগার খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, ঘটনাস্থলে পৌঁছে আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। জান্নাতুল ফেরদৌস আরো জানান, তার ভাসুর আক্তার হোসেন (৩৭) তাদের ঘরে আগুন লাগিয়েছে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, আগুনে একজনের দগ্ধ হবার খবর তিনি পেয়েছেন। শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।