গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের তুলশিঘাটে পুলিশ পাহারার মধ্যে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন অন্তত ১৯ যাত্রী।
সদর থানার ওসি রাজিউর রহমান জানান, “হতাহতদের সবাই বাসের যাত্রী ছিলেন। দগ্ধদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশাঙ্কাজনক।”
জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ থেকে নাপু পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। গাইবান্ধা বাস টার্মিনালে পৌঁছার পর পুলিশ পাহারায় অন্যান্য আরও যানবাহনের সঙ্গে সেটিও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তুলশিঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে।