স্বরূপকাঠিতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৬



পিরোজপুরের স্বরুপকাঠিতে পেট্রোল  ও ককটেলসহ জনতার হাতে আটক যুবক বাচ্চু (২৬) 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে শুক্রবার শেষ রাতে স্বরুপকাঠি ফেরিঘাটে। বাচ্চু স্থানীয় আউরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং সে ঢাকার সাভারের একটি করাত কলের মিস্ত্রী ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহত বাচ্চুকে রাত ১১টার দিকে থানার অদূরের জগৎপট্টি এলাকার যুবকরা চ্যালেঞ্জ করে তিন বোতল পেট্রোল ও দু’টি ককটেলসহ আটক করে পুলিশে খবর দেয়।  পুলিশ  থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, স্থানীয় জামাত কর্মী মাওলানা দেলোয়ার হোসেন স্বরুপকাঠি বাজারে আগুন দেয়াসহ নাশকতা সৃষ্টির জন্য তাকে পেট্রোল সরবরাহ করে। পুলিশ দেলোয়ারকেও গ্রেফতার করে। এরপর বাচ্চুর স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে তার সহযোগীদের সন্ধানে পুলিশ স্থানীয় ফেরিঘাটে গেলে তাকে ছিনিয়ে নিতে সহযোগীরা গুলি ছোড়ে। পিরোজপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার আবদুল কাদের বেগ ঘটনাস্থল থেকে জানান, তখন পুলিশ বাধ্য হয়ে পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ে বাচ্চু ও পুলিশের এসআই মামুনুর রশীদ পল্টন ও কনেষ্টবল বাবুল চন্দ্র আহত হয়। পুলিশ পাঁচ রাউন্ড পিস্তল ও তিন রাউন্ড শট গানের গুলি ছোড়ে। এ সময় দুর্বৃত্তরাও প্রায় ২৫টি বন্দুকের গুলি চালায় বলে পুলিশ জানায়। ঘাড়ে ও কাধে দু'টি গুলিবিদ্ধ বাচ্চুকে উপজেলা হাসপাতালে পুলিশ নিয়ে গেলে রাত ৩টার দিকে সে মারা যায়।