‌‌'ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন স্থান নেই'

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০৯
পরিকল্পনামন্ত্রী ও আইসিসির সভাপতি আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদের হয় এদেশ ত্যাগ করতে হবে অন্যথায় তাদের মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। আগুনে মানুষ পোড়ানো বন্ধ করতে হবে। ইসলামের নামে মানুষ হত্যাকারীদের প্রতিহত করা হবে। এ দেশ আমাদের সকলের। তাই দেশের প্রতি সকলের মমত্ববোধ থাকতে হবে। মুসলমানদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। অসত্য চিরস্থায়ী হতে পারে না। একদিন পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবেই। 
শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্প শিক্ষক ও কেয়ার টেকারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স এবং দাওয়াতী শুকরিয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লায় ব্যাপক উন্নয়ন করার ঘোষণা দেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক ও  পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক আবুল কাশেম মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোট নেতা মনিরুজ্জামান রাব্বানী। ইমামদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আহসানুল করিম। কোরআন তেলোয়াত করেন কাপ্তান বাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুউল্লাহ। নাত পেশ করেন কাজী রাসেল আহমেদ। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই বাবলু, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক বিকম, সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল, লালমাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদারসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারাদেশে আগুনে পুড়ে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারী মো. ইব্রাহিম।