যশোরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
হত্যার শিকার সুরাইয়া খাতুন (১২) যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আকর আলীর মেয়ে ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সকাল ৭টার দিকে সুরাইয়া স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
সুরাইয়ার বাবা আকর আলী আহাজারি করতে করতে জানান, ‘আমাদের সবার শখের মেয়ে, ওর গায়ে কোনো নহের (নখ) আচড় দিই নি কোনোদিন। ওরা আমার মেয়েডাকে মেরে ফেলেছে। আমি ওগের বিচার চাই।’
