যশোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ছবি বিকৃতির অভিযোগে আটক ৪

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১০
যশোরে প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃতি ও  অশালীন ছবি তৈরির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় দুইটি কম্পিউটারের সিপিইউ, ইয়াবা ট্যাবলেট, জি লুব্রিকেন্ট জেল, তিনটি গ্যাস লাইট, কনডম, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে র‌্যাব এ অভিযান পরিচালনা করেছে। আটককৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আবু জাফর (২৭), একই গ্রামের মীর আলীর ছেলে শাহেদ হাসান (২৮), সাদির আলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মমিন উদ্দিন (৩০) ও গদখালী বাবু পাড়ার আব্দুস সাত্তারের ছেলে উজ্জল হোসেন নয়ন (২৬)।
র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলীর আরবপুর বাইপাস রোডের সবুর চাকলাদারের মালিকাধীন ৪ তলা ভবনের ৩য় তলার ফ্লাটের ভাড়াটিয়া সাবিনা ইয়াসমিন ওরফে মিতা ওরফে রত্নার (৩৫) ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে আবু জাফর ও শাহেদ হাসানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল সেট, ১০টি জি লুব্রিকেন্ট জেল, ৭২ পিস ইয়াবা বহনের পলিথিন, তিনটি গ্যাস লাইট, ১৯ পিস কনডম, একটি কাগজের তৈরি পাইপ, ৩০ পিস ফয়েল পেপার, দুইটি মানিব্যাগ, একটি ভ্যানিটি ব্যাগ এবং দুই হাজার ২২৭ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে আবু জাফরের মোবাইলের মেমোরি কার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  মন্ত্রিসভার কয়েকজন সদস্যসের বিকৃত, কুরুচিপূর্ণ এবং অশালীন ছবি পাওয়া যায়। এসব বিকৃত, কুরুচিপূর্ণ এবং অশালীন ছবির উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে র‌্যাবের একটি দল ঝিকরগাছার গদখালী বাজার থেকে মমিন উদ্দিন ও উজ্জল হোসেন নয়নকে গ্রেফতার করে। এসময় দুইটি সিপিইউ জব্দ করা হয়। পরবর্তীতে ওই সিপিইউ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যসের বিকৃত, কুরুচিপূর্ণ এবং অশালীন ছবি সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দিয়ে আসামি মমিন উদ্দিন ও উজ্জল হোসেন নয়নকে ঝিকরগাছা থানায় এবং আবু জাফর ও শাহেদ হাসানকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে।