বগুড়ায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৪, ট্রাক হেলপারের অবস্থা আশংকাজনক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০১:০৫

বগুড়ায় ট্রাকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোলবোমায় চালক ও হেলপারসহ চারজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে হেলপারের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার শাজাহানপুর থানার রুপিহারে বগুড়া-নাটোর সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বগুড়ার শহরের বড়কুমিড়া এলাকার ট্রাকচালক মোস্তফা (৪০), ট্রাকের হেলপার সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সোনামুখী পাচগাছি গ্রামের আসিফ(৩৫), নাটোরর সিংড়া উপজেলার চকনওগাঁ গ্রামের সবজি ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৭) ও উপজেলার চকসাথী গ্রামের খয়বর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন(৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসহ আহতদের স্বজনরা জানান, নাটোর থেকে একটি খালি ট্রাক (পটুয়াখালী-ট-১১-০০০৬) নিয়ে দু’জন ব্যবসায়ী সবজি কিনতে বগুড়ার দিকে আসছিলেন। পথে শাজাহানপুরের রুপিহারে পৌঁছিলে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভায় এবং অগ্নিদগ্ধদের উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আহতদের মধ্যে হেলপার আসিফের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসকরা।  তার শরীরের প্রায় ৮৫ ভাগ এবং অপর ৩ জনের প্রত্যেকের প্রায় ৪০ থেকে ৪৫ ভাগ পুড়েছে বলেও জানান তারা।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ট্রাকে পেট্রোলবোমা হামলায় চারজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।