ইরাকের রাজধানী বাগদাদে গতকাল শনিবার তিনটি পৃথক বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। এক যুগ পর বাগদাদের কারফিউ তুলে নেয়ার কয়েক ঘন্টা আগে এ হামলার ঘটনা ঘটলো। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কারফিউ তুলে নেয়ার সাথে হামলার কোন সম্পর্ক নেই। খবর রয়টার্সের। পুলিশ জানায়, প্রথম হামলাটি হয় শিয়া অধ্যুষিত নিউ বাগদাদ এলাকার একটি রেস্টুরেন্টে। সেখানে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়। দ্বিতীয় হামলাটি সংগঠিত হয় শরকা মার্কেট জেলার একটি ব্যস্ততম এলাকায়। সেখানে জোড়া বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। বাগদাদের দুরার আবু সেহর এলাকায় তৃতীয় হামলায় দুই জন মারা যায়।
গত বছর ইরাকের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিশাল অংশ ইসলামিক (আইএস) জঙ্গিদের দখলে চলে যাওয়ার পরও বাগদাদে আইএসের তেমন কোন প্রভাব ছিলো না। তাই বাগদাদের জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কারফিউ তুলে নেয়ার ঘোষণা দেয় সরকার।
