যশোরে র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' রাজু নামে এক 'চিহ্নিত সন্ত্রাসী' নিহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি রেলক্রসিং এলাকার ইশমাম পেট্রোল পাম্পের কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু শহরের গাড়িখানা সড়কের আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর আশরাফ উদ্দিন জানান, শনিবার রাত ৯টার দিকে শহরের গাড়িখানা এলাকা থেকে 'চিহ্নিত সন্ত্রাসী' রাজু ওরফে ভাইপো রাজুকে র্যাব সদস্যরা আটক করেন। তার দেয়া তথ্যমতে রাত ১টার দিকে রাজুকে নিয়ে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় এলাকার ইশমাম পেট্রোল পাম্পের পাশে অবস্থিত একটি ইটভাটার কাছে যান। এ সময় রাজুর সহযোগীরা র্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল, দুিট দেশি অস্ত্র ও কিছু মাদকদ্রব্য। রাজুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজুর বিরুদ্ধে যশোরের সাবেক পিপি মরহুম এজেডএম ফিরোজের ছেলে অর্ণব, যুবলীগ কর্মী সোহেল হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে। নিহত রাজু যুবলীগরে রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
