বগুড়ায় শিবির নেতাসহ ১৫জন গ্রেফতার, বোমা উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১২
বগুড়া সদর উপজেলায় শিবির নেতাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মহাসড়কে  বিভিন্ন যানবাহনে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও পেট্রোল সরবরাহের জন্য যাবার পথে বগুড়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সদর থানা ছাত্র শিবিরের সভাপতিসহ মোট তিনজন । এ সময় তাদের কাছ থেকে ১২টি হাতবোমা (তাজা ককটেল) ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। একইসাথে একটি নিবন্ধনহীন বাজাজ প্লাটিনাম মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার রাতে বগুড়া সদরেরর বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপপগাড়ী এলাকার ট্যাংক ব্রিজের কাছে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়াও শনিবার রাত থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত  জেলার বিভিন্নস্থান হতে নাশকতা ও ভাঙচুরের ঘটনায়  আরো ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
ককটেল ও পেট্রোল বোমাসহ গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দেওলী এলাকার সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মশিউর রহমান (২৪), একই এলাকার শিবিরকর্মী রাজু আহম্মেদ (২৪) এবং একই উপজেলার মোকামতলা এলাকার শিবির কর্মী ইউসুফ (২৩)।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর-ই-আলম সিদ্দিকী জানান , শনিবার রাতে মহাসড়কে নাশকতা রোধে দায়িত্বরত একদল পুলিশ ট্যাংক ব্রিজের কাছে  তিনজন যাত্রী নিয়ে একটি মোটরসাইকেল যেতে দেখে  পথরোধ করেন। এ সময় তাদের হেফাজতে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে ১২টি তাজা ককটেল, ২টি পেট্রোল বোমা ও  শিবিরের চাঁদা আদায়ের ৪টি রশিদ বই উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার  করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় প্রকাশ করে ।  তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক মামলা করা হয়েছে ।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান , ওই তিনজন সহ শনিবার রাত থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত জেলায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।